খেলাধুলা

প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছেন। মর্যাদাপূর্ণ প্রথম একক ফুটবলার হিসেবে এই পুরস্কার অর্জন করলেন তিনি। শিল্প, সাহিত্য, সমাজবিজ্ঞান, বৈজ্ঞানিক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারের বিচারকমণ্ডলীরা জানিয়েছেন, “দুর্দান্ত প্রতিভা ও অসাধারণ ফুটবল ক্যারিয়ার, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে মেসির দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডই এই স্বীকৃতির অন্যতম কারণ।”

এই মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার পেয়েছেন এর আগে পেয়েছিলেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, মোটরস্পোর্ট তারকা মিখায়েল শুমাখার, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এবং ম্যারাথন কিংবদন্তি এলিউড কিপচোগে। 

বর্তমানে বিশ্বকাপ প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের ক্যাম্পে আছেন মেসি। অ্যাওয়ার্ড জেতার পর এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আজ সকালে ঘুম থেকে উঠে এই পুরস্কারের খবর পেয়েছি। অসংখ্য মানুষের শুভেচ্ছা বার্তা পেয়েছি। এমন একটি স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। কারণ এটি শুধু মাঠের পারফরম্যান্সের জন্য নয়, মাঠের বাইরের কাজগুলোকেও মূল্যায়ন করে।”

ফুটবল ক্যারিয়ারে মেসি ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং বেইজিং অলিম্পিকের স্বর্ণপদক জয় করেছেন। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন তিনি। এছাড়া ইন্টার মিয়ামির হয়ে জয় করেছেন এমএলএস কাপ, সাপোর্টার্স শিল্ড ও লিগস কাপ।

বিশ্ব সেরা এই ফুটবলারের ব্যক্তিগত অর্জনের তালিকাও বেশ লম্বা। আটবার ব্যালন ডি’অর জয় করেছেন তিনি। দুবার হয়েছেন এমএলএসের সেরা খেলোয়াড়। লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নয়বার। 

এ সম্পর্কিত আরও পড়ুন #আর্জেন্টিনা #মেসি #লিও মেসি #লিওনেল মেসি #প্রিন্সেস অব আস্তুরিয়াস