রাজধানীর পল্লবী এলাকায় নিজ বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ।
তিনি জানিয়েছেন, বুধবার (৩ জুন) খবর পেয়ে সেকশন-৬ এলাকার ১০ নম্বর রোডের একটি বাসা থেকে সেলিনা আফরোজের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ অর্ধ-গলিত অবস্থায় দেখে পুলিশ ধারণা করছেন কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। পারিবারিক কলহের কারণে তিনি প্রায় ১২ বছর আগে দেশে ফিরে পৈত্রিক ফ্ল্যাটে একাই থাকতেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন , গত ২৬ মে রাতে তার ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে বাসা থেকে দুর্গন্ধ ছড়ালে বিষয়টি জানাজানি হয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পিডি