ওমান উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের অংশ হিসেবে কাজ করছিল। তবে যুক্তরাষ্ট্র এ দাবিকে সরাসরি অস্বীকার করে বলেছে,ইরান মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
বৃহস্পতিবার (০৪ জুন) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। তাদের দাবি, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন হামলার ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ হিসেবে কাজ করছিল। এছাড়া, ওই ডেস্ট্রয়ারটি আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ইরানের আঞ্চলিক সমুদ্রসীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল।
এক বিবৃতিতে ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড, হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার উপযুক্ত জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানের নৌবাহিনী আরও জানায়, তারা এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক তৎপরতার অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে আরও পালটা পদক্ষেপ নেয়া হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে। সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছে, ইরান বিশ্ববাসীর কাছে স্পষ্ট মিথ্যা বলছে এবং সমুদ্রে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সম্পদ ও যুদ্ধজাহাজ সম্পূর্ণ নিরাপদ, এবং কোনোরকম বাধাপ্রাপ্ত না হয়ে স্বাভাবিকভাবেই তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
পিডি