ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গেল রোববার (৩১ মে) স্থানীয় সময় সকাল ১১টায় মিসৌরিতে অবতরণ করে বিশ্বচ্যাম্পিয়নদের বহনকারী বিমানটি। এরপর কানসাস সিটিতে নিজেদের ঘাঁটি গেড়েছে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দল।
তবে মাঠের প্রস্তুতির পাশাপাশি আলোচনার বিষয় হয়ে উঠেছে অধিনায়ক লিওনেল মেসির হোটেল কক্ষের নম্বর। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এবারের বিশ্বকাপে মেসি থাকছেন ২০২ নম্বর কক্ষে।
মজার বিষয় হলো, কাতার বিশ্বকাপে মেসির কক্ষ নম্বর ছিল ২০১। সংখ্যাতত্ত্বে বিশ্বাসীদের ধারণা, ২০১ নম্বর রুমের ২ ও ১ এর যোগফল তিন, এবং সেই আসরেই শিরোপা জিতে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
এবার ২০২ নম্বর কক্ষকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে সমর্থকদের মধ্যে। সংখ্যাতত্ত্বে বিশ্বাসীরা বলছেন, ২০২ সংখ্যার অঙ্কগুলো যোগ করলে হয় ৪ (২+০+২=৪)। আর আর্জেন্টিনা যদি এবার শিরোপা জেতে, সেটিই হবে তাদের চতুর্থ বিশ্বকাপ।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থকই তাই ২০২ নম্বর কক্ষকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখছেন। তাদের বিশ্বাস, দুইয়ে দুইয়ে চার মিলিয়েই হয়তো আসতে পারে আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ ট্রফি।
বিশ্বকাপ শুরুর আগে মাঠের লড়াইয়ের পাশাপাশি এমন কাকতালীয় বিষয়ও ফুটবলপ্রেমীদের আলোচনায় জায়গা করে নিয়েছে। আর মেসির ২০২ নম্বর কক্ষকে ঘিরে নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন আর্জেন্টাইন সমর্থকেরা।
এমএ//