পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন সরকারি-বেসরকারি বিভিন্ন পেশাজীবীর মানুষ। টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) রাজধানীর অন্যতম প্রবেশপথ কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল মানুষের ভিড়। সকাল থেকে ঢাকায় ফেরা প্রায় প্রতিটি ট্রেনেই ভোগান্তি নিয়ে ফিরতে হয়েছে যাত্রীদের।
যাত্রীদের অভিযোগ, ঠিকমত টিকিট কেটেও সিট পাননি অনেকেই। কেউ আবার গেটে ঝুলে ঝুলেও ফিরেছেন। আবার প্রত্যেকটি ট্রেনই সর্বনিম্ন এক ঘণ্টা থেকে ৩ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছেড়ে এসেছে। এতে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে না পেরে ক্ষোভে ফুঁসছেন অনেক যাত্রী।
জানা গেছে, সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে অন্তত ১২টি ট্রেন। প্রত্যেকটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়।
বিমানবন্দর স্টেশনে যাত্রীদের বড় একটি অংশ নেমে যাওয়ার পরও কমলাপুর স্টেশনে পৌঁছানো প্রায় প্রতিটি ট্রেনেই ভীর দেখা গেছে। সিটে বসার পর দাঁড়িয়ে থাকা যাত্রীদের নিয়ে বোঝাই হয়ে ফিরছে ট্রেনগুলো।
সোমবার সকাল ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ‘ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস’-এ যাত্রীদের গেটের কাছে ঝুলে ঝুলে আসতে হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন যাত্রীরা। একইভাবে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, চট্টগ্রাম ও নোয়াখালী থেকে আসা ট্রেনগুলোতেও ব্যাপক ভিড় ছিল বলে জানা যায়। এসব ট্রেনে অনেক যাত্রীকে দাঁড়িয়ে, অতিরিক্ত চাপ নিয়ে ঢাকায় ফিরতে দেখা গেছে।
এদিকে সকাল ৯টা ৪৫ মিনিটে পঞ্চগড় থেকে আসা ‘একতা এক্সপ্রেস’ কমলাপুর রেলস্টেশনে পৌঁছায় বলে রেল সূত্রে জানা গেছে। ওই ট্রেনের এক যাত্রী অভিযোগ করে জানান, তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকায় ফিরছিলেন এবং অনলাইনে টিকিট কেটে রেখেছিলেন। তবে ভিড়ের কারণে তিনি সিটে বসার সুযোগ পাননি, এমনকি নিজের নির্ধারিত বগিতেও প্রবেশ করতে পারেননি বলে দাবি করেন তিনি।
পিডি