জাতীয়

আদ্ দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান, ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে ভেতরে একটি বেকারির সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শনিবার (৩০ মে) বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,  হাসপাতালে একটি বেকারি পাওয়া গেছে। দুটি ইলেকট্রিক ওভেন দিয়ে এই বেকারি চলে। কোনও ইঞ্জিনিয়ার নেই। এটা উচিত হয়নি। প্রচুর ময়লা পাওয়া গেছে।

তিনি বলেন, হাজার হাজার শিক্ষার্থীর জন্য বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনও গ্যাস বের হয়েছে কি না যেটি শিশুদের ক্ষতিগ্রস্ত করেছে সেটা খতিয়ে দেখতে হবে। এ বিষয়ে দুজন চিকিৎসকের সঙ্গে কথা বলা হয়েছে। তারাও বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন।

এ সময় বেকারি স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর সহ যাবতীয় প্রতিষ্ঠান থেকে পাওয়া অনুমতিপত্র আগামীকালের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে জমা দেয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বেকারিটি আদ্-দ্বীন হাসপাতালের ভেতরে নয়, বরং আদ্-দ্বীন মেডিকেল কলেজের পাশে অবস্থিত। কারখানাটি থেকে রোগীদের জন্য খাবার প্রস্তুত ও সরবরাহ করা হতো। তবে স্থাপনাটি হাসপাতাল-সংলগ্ন হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।

সম্প্রতি রাজধানীর এই হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আগামী ৩ জুনের মধ্যে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বাস্থ্যমন্ত্রী