পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। যুদ্ধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও বুধবার (২৭ মে) মুসল্লিরা মসজিদের চত্বরজুড়ে সমবেত হয়ে জামাতে অংশ নেন।
এই সময় ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণ মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
এদিকে চলমান সংঘাত ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে ইসরাইল-গাজা পরিস্থিতি।
ঈদুল আজহা মহান আল্লাহর নির্দেশে হজরত ইবরাহিম (আ.)-এর নিজের সন্তানকে কোরবানি করার প্রস্তুতির স্মৃতিকে ধারণ করে পালিত হয়। খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের কাছে তিনি আব্রাহাম নামে পরিচিত। এ উপলক্ষে মুসলমানরা পশু কোরবানি দিয়ে তার মাংস দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করেন।
ইসলামি ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসব এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন গত বছরের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগ উঠছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ। যুদ্ধের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও তথ্য অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলায় ৮৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ২ হাজার ৬৪৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। যুদ্ধবিরতির লক্ষ্য ছিল সংঘাত কমিয়ে আনা ও আগ্রাসন বন্ধ করা।
এসি//