শিক্ষা

দীর্ঘ বিরতির পর আজ শ্রেণিকক্ষে ফিরছে শিক্ষার্থীরা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ ছুটি শেষে রোববার (০৭ জুন) দেশের স্কুল-কলেজগুলোতে আবার নিয়মিত পাঠদান শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায় ১৬ দিনের বিরতির পর খুলেছে।  এরই মধ্যে রাজধানীসহ দেশজুড়ে সকালের শিফটে ক্লাস কার্যক্রমও শুরু হয়েছে। 

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী,  ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে গেল ২৪ মে থেকে এসব প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছিল। তবে দেশের মাদ্রাসাগুলোতে ছুটি রয়েছে আরও কিছুদিন।  মাদরাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী,দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদরাসাগুলোতে ফের শ্রেণি কার্যক্রম শুরু হবে।  অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থীরা নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ ভোগ করছেন।  

এদিকে, ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও ছুটি দেওয়া হয়। বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সোমবার (০৮জুন) থেকেই ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে।   

শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের আবার নিয়মিত পড়াশোনায় ফিরিয়ে আনতে এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। রোববার সারা দেশে স্কুল-কলেজ খোলার মাধ্যমে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে।

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #কারিগরি #শিক্ষা #বোর্ড