অর্থনীতি

কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন নুরুল আমিন

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন।

রোববার (২৪ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ ১৯৭৩-এর ৭ অনুচ্ছেদ অনুযায়ী মোহাম্মদ নুরুল আমিনকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিনি আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন।

দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে ৪৩ বছরের বেশি সময় ধরে দেশের আর্থিক খাতে কাজ করছেন মোহাম্মদ নুরুল আমিন। তিনি এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক তাকে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে একীভূত প্রক্রিয়ার মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের আগ পর্যন্ত তিনি ওই পদে দায়িত্বে ছিলেন।

এছাড়া তিনি একসময় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি), বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড (পিডিবিএল)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তার ব্যাংকিং জীবনের সূচনা হয় ১৯৭৭ সালে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে।

শিক্ষাগত জীবনে মোহাম্মদ নুরুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংকিং প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন। অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং বিষয়ে সম্মানসূচক ডিপ্লোমাও অর্জন করেছেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ কৃষি ব্যাংক #মোহাম্মদ নুরুল আমিন #চেয়ারম্যান