দেশজুড়ে

‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাজকীয় আয়োজনে বিদায়

বায়ান্ন প্রতিবেদন

সোমবার (২৫ মে) সন্ধ্যায় লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে জনপ্রিয় এই মহিষটিকে বিদায় দেয়া হয়। এর আগে দুপুর থেকেই খামারে শুরু হয় বিশেষ আয়োজন। বিশালাকৃতির মহিষটিকে গোসল করিয়ে পরানো হয় রাজকীয় সাজ। পরে রঙিন ধোঁয়ার আবহে লাল গালিচা মাড়িয়ে তাকে বিদায় জানানো হয়। বহুদিন ধরে আদর-যত্নে বড় করে তোলা প্রিয় পশুটিকে বিদায় দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন খামারের মালিক ও কর্মচারীরা।

খামার কর্তৃপক্ষ জানায়, মহিষটির গায়ের রং, লম্বা চুল ও চোখের গঠন অনেকটাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে যায়। সেই মিল থেকেই খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই শখ করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

প্রায় ৭০০ কেজি ওজনের ব্যতিক্রমী এই মহিষটি কোরবানির হাটে ওঠার আগেই বিক্রি হয়ে যায়। রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির লাইভ ওয়েটে প্রতি কেজি ৫৫০ টাকা দরে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় এটি কিনে নেন।

অদ্ভুত নাম ও ব্যতিক্রমী চেহারার কারণে মহিষটি শুধু দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনায় আসে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ একনজর দেখতে ভিড় করতেন খামারে।

খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, দীর্ঘদিনের মায়া জড়িয়ে আছে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর সঙ্গে। তাই তাকে বিদায় দিতে কষ্ট হচ্ছে। তবে কোরবানির ত্যাগের মহিমাকে সামনে রেখেই হাসিমুখে বিদায় জানাতে হচ্ছে প্রিয় মহিষটিকে।

এদিকে ক্রেতা সামির জানান, অনেক আগেই তিনি মহিষটি পছন্দ করে কিনেছিলেন। পরে সেটি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে পড়ে। এখন তার এলাকার মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছেন আলোচিত এই ‘ডোনাল্ড ট্রাম্প’-কে কাছ থেকে দেখার জন্য।

 

এসি//

 
 

এ সম্পর্কিত আরও পড়ুন #পবিত্র ঈদুল আজহা #ডোনাল্ড ট্রাম্প #মহিষ #নারায়াণগঞ্জ