দেশজুড়ে

জামিনে মুক্ত এনসিপি নেতা তারেক রেজা

বায়ান্ন প্রতিবেদন

ঝিনাইদহে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (২৫ মে) সকালে তিনি কারাগার থেকে মুক্ত হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। ওই সময় তিনি একটি জরুরি সংবাদ সম্মেলনে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন।

গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ পুলিশের একাধিক সদস্য, সাদা পোশাকধারী বিশেষ টিম এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রাতেই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঝিনাইদহ সদর থানার পুলিশ জানায়, হামলা, ভাঙচুর এবং হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তারেক রেজাসহ কয়েকজনকে আসামি করা হয়। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয় এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

ঘটনার পটভূমিতে জানা যায়, গত ২২ মে ঝিনাইদহ সফরে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এরপর ওই ঘটনার জেরে এনসিপির পক্ষ থেকে তারেক রেজা ছাত্রদলের আটজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। অন্যদিকে পরদিন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন।

পরবর্তীতে সেই মামলার পরিপ্রেক্ষিতেই সংবাদ সম্মেলনের সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতের নির্দেশে তিনি কারাগারে পাঠানো হন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝিনাইদহ #এনসিপি #জামিন #তারেক রেজা