দুর্নীতির অভিযোগে টালমাটাল স্পেনের রাজনীতি। রাজধানী মাদ্রিদের রাজপথ শনিবার যেন পরিণত হয় ক্ষোভের মঞ্চে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগ দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এতে আহত হন অন্তত সাতজন পুলিশ সদস্য।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (২৩ মে) ‘মার্চ ফর ডিগনিটি’ শিরোনামে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন। শুরুতে কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও পরে কয়েকজন বিক্ষোভকারী প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবনের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
স্প্যানিশ টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মুখোশধারী কয়েকজন বিক্ষোভকারী মনক্লোয়া প্রাসাদের দিকে যাওয়া প্রধান সড়কে অবস্থান নেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয় এবং এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিক্ষোভে অংশ নেয়া মানুষের হাতে ছিল স্পেনের লাল-সোনালি জাতীয় পতাকা। এ সময় “সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগ চাই” লেখা ব্যানারও বহন করতে দেখা যায় তাদের। কর্মসূচিতে বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থি ভক্স পার্টির নেতারাও অংশ নেন।
এদিকে স্পেনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোকে ঘিরে।
গত মঙ্গলবার (১৯ মে) দেশটির একটি আদালত জানায়, তার বিরুদ্ধে প্রভাব খাটানো এবং অর্থপাচার চক্র পরিচালনার অভিযোগ তদন্ত করা হচ্ছে। যদিও প্রধানমন্ত্রী সানচেজের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জাপাতেরো এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগেও বিতর্কের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে। ২০২৪ সালের এপ্রিলে তার স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে তদন্ত শুরু হলে সাময়িকভাবে পদত্যাগের বিষয়টিও বিবেচনা করেছিলেন তিনি। তবে পরে প্রকাশ্যে পরিবারের পক্ষে অবস্থান নিয়ে সানচেজ দাবি করেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং কট্টর ডানপন্থি গোষ্ঠীর প্রভাবে পরিচালিত হচ্ছে।
বেগোনিয়া গোমেজও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। গত মাসে স্পেনের এক প্রসিকিউটর তদন্তকারী বিচারকের কাছে মামলাটি বন্ধের আবেদন জানান।
বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়েও দেখা দিয়েছে ভিন্নমত। আয়োজকদের দাবি, প্রায় ৮০ হাজার মানুষ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে মাদ্রিদে স্পেন সরকারের প্রতিনিধিরা অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৪০ হাজার বলে উল্লেখ করেছেন।
এসি//