দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টা ৫৫ মিনিটের দিকে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল লোকাল সড়ক থেকে রানীগঞ্জ বাজারের বড় মসজিদের সামনে পাকা সড়কে উঠছিল। এ সময় দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল আরোহীরা ছিটকে সড়কে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে থাকা তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না। প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে স্থানীয়রা এবং পুলিশ আহত অবস্থায় বাকি দুজনকে উদ্ধার করে ঘোড়াঘাট (ওসমানপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল স্বাভাবিকভাবে চলতে থাকে। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পি ডি/ এসি//