আবহাওয়া

বাংলাদেশে মৃদু ভূমিকম্প, জানা গেল উৎপত্তিস্থল

বায়ান্ন প্রতিবেদন

দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাব বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু এলাকাতেও পড়ে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, কম্পনের উৎপত্তিস্থল ছিল হবিগঞ্জের গজনাইপুর এলাকা। ঢাকার আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ১৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভূমিকম্পটি হবিগঞ্জের বানিয়াচং, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর এলাকায় অনুভূত হয়। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও কম্পন টের পাওয়া গেছে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি অত্যন্ত মৃদু মাত্রার ভূমিকম্প ছিল। তাই বাংলাদেশ বা ভারতের কোথাও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

আর আই/ এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভূমিকম্প