মানহানির মামলায় আদালতে হাজির না হওয়ায় ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজাকে আদালতে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৭ মে) সকালে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন।
মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল জানান, রোববার আদালতে হাজির হওয়ার নির্ধারিত দিন ছিল আমির হামজার। তবে তিনি উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ হিসেবে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল এই মানহানির মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়া হয়েছিল।
ওইদিনই আদালত আমির হামজাকে সমন পাঠিয়ে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি আদালতে না আসায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে হাইকোর্ট থেকে ২৭ এপ্রিল জামিন নেন আমির হামজা। পুনরায় আজ ১৭ মে হাজিরার দিন ধার্য করা হলে এবারও আদালতে অনুপস্থিত থাকায় আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
আই/এ