জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, হামে চারশ’র বেশি শিশুর মৃত্যু সরকারের ব্যর্থতার ফল। সরকার শুধু অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে নিজের দায় এড়াতে চাইছে। এই মুহূর্তে স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করা উচিত।
শনিবার (১৬ মে) রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, সরকার প্রথম থেকেই সংসদকে কার্যকর করতে ব্যর্থ হয়েছে। শুধু পিআর স্ট্র্যাটেজি দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়। জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশকে একসময় ভারতের মুখাপেক্ষী করে ফেলা হয়েছিল। এই সরকারও যদি কারও মুখাপেক্ষী হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি বাংলাদেশের স্বার্থে পরিচালিত হবে এটা বিশ্বাস করতে চান। তবে এ বিষয়ে এখনো পরিষ্কার অবস্থান দেখা যায়নি। দেশে বর্তমানে স্বাস্থ্য খাতে বড় সংকট চলছে, কিন্তু সরকার তা কার্যকরভাবে সমাধান করতে পারছে না।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন হবে কিনা। সংস্কার কার্যক্রমের সঙ্গে জনগণের সঙ্গে বর্তমান সরকার বিশ্বাসঘাতকতা করেছে এবং গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ বাতিল করা হয়েছে।
জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
আই/এ