কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুর সোয়া ১১টার দিকে তিনি মঞ্চে উঠলে সমর্থক ও নেতাকর্মীরা মুহুর্মুহু করতালিতে তাকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে যাত্রা করছেন। পথিমধ্যে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এই পথসভায় অংশ নেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে ব্যানার ও ফেস্টুনসহ নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার মধ্যেই লক্ষ্মীপুর বাজার মাঠের এই পথসভা বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে জনসমাবেশে রূপ নেয়।
কর্মসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কার্যক্রমের সূচনা করবেন তিনি।
পরে বিকাল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বশেষ বিকাল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় তার উপস্থিত থাকার কথা রয়েছে।
এসি//