কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে এসব তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম সদর, রৌমারী, চিলমারী ও রাজীবপুর সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
ব্যাটালিয়নের অধীন প্রতিটি বিওপি থেকে দিন-রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে সীমান্তে টহল পরিচালনা করা হচ্ছে।
এছাড়াও সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নজরদারি বসানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। যেকোনো ধরনের সন্দেহজনক গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।
আই/এ