রাজধানী

মাদক ব্যাবসার বিরোধিতা করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরে রিপন মাস্টার নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। তিনি মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

বুধবার (১৩ মে) দিবাগত রাতে বসিলা গার্ডেন সিটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক ব্যাবসা নিয়ে বিরোধের জেরে এ হামলা চালানো হয়। তাদের দাবি, রাতের দিকে বসিলার ৪০ ফিট এলাকায় কয়েকজন মাদক কারবারি অবস্থান নিলে রিপন মাস্টার এর প্রতিবাদ করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

ঘটনার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, প্রাথমিকভাবে যা শোনা যাচ্ছে, ঘটনার পেছনের বাস্তবতা পুরোপুরি তেমন নাও হতে পারে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল সিদ্দিক জানান, মামলার প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

এআর/এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #মোহাম্মদপুর