দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টার আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। একই সময়ে ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। অন্যদিকে সিলেটে দেশের সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এমএ//