স্থানীয় সরকার নির্বাচনের জন্য ১০০ উপজেলা ও পৌরসভায় প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চলতি মাসের ২০ তারিখ দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণা করবে দলটি।
রোববার (১০ মে) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজারেরও বেশি আবেদন জমা হয়েছিল। সেখান থেকে প্রাথমিকভাবে ১০০ জনের নাম আজ ঘোষণা করা হলো । এই নাম ঘোষণার প্রক্রিয়া চলমান থাকবে।
সারজিস বলেন, যাদের সঙ্গে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের পর্যায়ে অপরাধের সম্পৃক্ততা ছিল না। তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। সার্বিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল থেকে যদি কেউ আসতে চায়, তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ইদানিং সীমান্ত হত্যা আবার হঠাৎ করে বেড়ে গেছে। সরকারকে সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান নিতে হবে। সীমান্ত হত্যা নিয়ে ভারত সরকারের কাছে প্রশ্ন রাখতে হবে। বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে এনে সীমান্তে কেন হত্যা বাড়ছে, সরকারকে সেই জবাবদিহি চাইতে হবে।
তিনি বলেন, সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও সীমান্ত হত্যার সময় তারা কথা বলে না; কোনো পদক্ষেপ নেয় না। আসলে ‘সবার আগে বাংলাদেশ’ এটি তাদের কেবল মুখের বুলি। কাজের ক্ষেত্রে এর প্রতিফলন তারা দেখতে পাচ্ছেন না।
আই/এ