আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

দক্ষিণ লেবাননের আল-সাকসাকিয়েহ শহরে ইসরাইলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার (০৬ মে) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শহরের উপকণ্ঠে অবস্থিত আল-দাউদিয়া খামার এলাকা লক্ষ্য করে ইসরাইল দুটি তীব্র বিমান হামলা চালায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এ হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইসরাইল, পরে এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ওই যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।

পরবর্তীতে ইরানকে সমর্থন জানিয়ে হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালায়। জবাবে ২ মার্চ থেকে লেবাননে ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরাইল।

গেল ৮ এপ্রিল সকালে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাতে তেহরানও সম্মত হয়। তবে ইসরাইল জানায়, লেবানন এই যুদ্ধবিরতির আওতার বাইরে।

পরবর্তীতে আন্তর্জাতিক চাপের মুখে লেবাননকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় আনা হলেও দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #লেবানন #দক্ষিণ লেবানন #ইসরাইল