আন্তর্জাতিক

দিল্লিতে বহুতল ভবনে আগুন, নিহত ৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। রোববার (০৩ মে) ভোরের দিকে শহরের ভিবেক বিহার এলাকার একটি চারতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় ভোরের ওই সময়ে ভবনের অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। তাদের সহায়তায় কয়েকজনকে নিরাপদে বের করা সম্ভব হলেও ভেতরে আটকে পড়েন আরও অনেকে।

ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির তিনতলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দমকল বাহিনী। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পরে ১৪টি দমকল ইঞ্জিনের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার আগে তারা একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এখনো ভবনের ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চালাচ্ছে দমকল বাহিনী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #দিল্লি #অগ্নিকাণ্ড