খেলাধুলা

এনসিপিতে যুক্ত হচ্ছেন দেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান ও সাবেক তারকা ক্রিকেটার মেহরাব হোসেন অপি রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন। তিনি আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় নাগরিক পার্টিতে’ (এনসিপি) যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।

এনসিপি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (০১ মে) দলটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদসহ শীর্ষ পর্যায়ের একদল নেতা মেহরাব হোসেন অপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকেই অপি শিগগিরই জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হওয়ার ব্যাপারে তার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।

এই বিষয়ে ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বলেন, "নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপি যে রাজনৈতিক লড়াই শুরু করেছে, তাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। জনপ্রিয় ক্রিকেটার মেহরাব হোসেন অপির এই যোগদান সেই সংগ্রামেরই প্রতিফলন। আমরা আশাবাদী যে, দেশ গড়ার এই আহ্বানে আরও অনেকেই সামনে আমাদের সাথে যুক্ত হবেন।"

উল্লেখ্য, ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন মেহরাব হোসেন অপি। দেশের হয়ে ৯টি টেস্ট ও ১৮টি ওয়ানডে খেলা এই টপ অর্ডার ব্যাটার এবার বাইশ গজের গণ্ডি পেরিয়ে রাজনীতির ময়দানে নিজের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ক্রিকেট #প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান #মেহরাব হোসেন অপি #এনসিপি