ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে কয়েক মাসব্যাপী মার্কিন নৌ অবরোধের মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি মানচিত্র প্রকাশ করেন, যেখানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ লেখা দেখা যায়। কোনো ধরনের ব্যাখ্যা বা ক্যাপশন ছাড়াই তিনি ছবিটি পোস্ট করেন।
এর আগে গত ২৭ মার্চ এক বক্তব্যে প্রথমবারের মতো ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন ট্রাম্প। সে সময় উপস্থিতদের হাসির প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেন, অনেকেই এটিকে ভুল ভাবতে পারেন, তবে তিনি খুব কমই ভুল করেন।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে সম্পন্ন হয়।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে টানা দুই মাস ধরে চলা সংঘাত নিরসনে ইরানের দেয়া নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ না করা পর্যন্ত কোনো শান্তি চুক্তি হবে না এবং মার্কিন নৌ অবরোধও বহাল থাকবে।
ইরানের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছিল, যুদ্ধ বন্ধের বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হবে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করা যাবে। তবে ট্রাম্প প্রশাসন সেই প্রস্তাব গ্রহণ করেনি।
অন্যদিকে, অচলাবস্থা আরও গভীর হওয়ার প্রেক্ষাপটে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে ‘স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী’ সামরিক হামলার একটি পরিকল্পনাও প্রস্তুত করেছে বলে অ্যাক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসি//