সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাঈম হোসেন (২৫) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের বাসিন্দা। তিনি মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিলের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি নাঈম। রাত ১০টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, নাঈম এলাকায় একজন পরিশ্রমী ও সৎ যুবক হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি মো. আহসানুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এমএ//