যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর দেহাবশেষ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে জামালপুর-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মর্মান্তিক এই ঘটনার পর থেকেই ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ফ্লোরিডার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সক্রিয়ভাবে কাজ করছে। সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনগুলো নিহতদের পরিবার, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি নিহত দুই শিক্ষার্থীর দেহাবশেষ যত দ্রুত সম্ভব বাংলাদেশে এনে স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি সরকার বিশেষ গুরুত্বের সঙ্গে তদারকি করছে।
বিদেশে কর্মরত ও অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দূতাবাসগুলো যাতে প্রবাসীদের জন্য কেবল দাপ্তরিক ভবন না হয়ে ‘আস্থার ঠিকানা’ হিসেবে গড়ে ওঠে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধকবলিত এলাকায় থাকা বাংলাদেশিদের উদ্ধার, নিরাপদ আশ্রয় ও প্রত্যাবাসনের জন্য কনস্যুলার সহায়তা জোরদার করা হয়েছে।
এছাড়া বিশ্বের যেকোনো প্রান্তে বাংলাদেশিদের ওপর সহিংসতা বা নিরাপত্তাহীনতার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য দূতাবাসগুলোকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার স্থানীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বলেও মন্ত্রী আশ্বস্ত করেন।
এসি//