পাবনার সদর উপজেলায় পৃথক অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সদর উপজেলার গয়েশপুরের কুমিল্লী এলাকায় আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় একটি দুইনলা বন্দুক, দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আফজালকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌর এলাকার রুপকথা রোহান মার্কেটে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এছাড়াও পৃথক দুটি অভিযানে আরও দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সদর উপজেলার চরতারাপুর শুকচর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), পৌর এলাকার শেখ সাইফুল ইসলামের ছেলে শেখ মফিজুল ইসলাম (৪০) এবং গয়েশপুর এলাকার আফজাল হোসেন (৬০)।
পুলিশ জানায়, আফজাল হোসেন একজন অস্ত্র মিস্ত্রি। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র তৈরি সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন এবং এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতো। ডিবি পুলিশের অভিযানে মোট পাঁচটি বিদেশি পিস্তল ৪০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আই/এ