দেশের সাত জেলায় বজ্রপাতে নারী ও শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে দুজন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে একজন মারা গেছেন।
রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
গাইবান্ধা-
গাইবান্ধায় আজ বিকেলে বজ্রপাতে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রামে তিনজন, ফুলছড়ি উপজেলার দেলুয়াবাড়ি গ্রামে একজন ও সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামের একজন রয়েছেন।
নিহতরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের ছেলে ফুয়াদ চৌধুরী (১০), একই গ্রামের ছোটন মিয়ার ছেলে রাফি চৌধুরী (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান মিয়া (২০), ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামের শুক্কুর আলীর ছেলে মানিক মিয়া (২৫) ও সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের নম্বার আলী (৬৫)।
দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বজ্রপাতের ঘটনায় শামীম মিয়া নামের আরও একজন আহত হয়েছেন। এ ছাড়া একটি গরু মারা গেছে।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বজ্রপাতের পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর ও কোষাডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নিয়ামতপুর গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী লাবণী আক্তার (৩৫) ও কোষাডাঙ্গীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭)।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। এসব ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে পৃথক দুই ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের কৃষক আব্দুল হামিদ (৫০) বৃষ্টির মধ্যে নিজ এলাকার মাঠে কাজ করবার সময় বজ্রপাতে মারা যান।
অন্যদিকে, রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিক চাঁন গ্রামের হাসান আলী (২৪) বৃষ্টির সময় নিজ বাড়ির উঠানে কাজ করবার সময় বজ্রপাতে মারা যান।।
তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এবং রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামন ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।
জামালপুর
জামালপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। আজ বিকেলে বজ্রপাতে সদর উপজেলার চর যথার্থপুর এলাকায় একজন ও মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী এলাকায় একজনের মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী এলাকার মোহাম্মদ রাজীবের স্ত্রী মর্জিনা বেগম (২২) ও সদর উপজেলার চর যথার্থপুর এলাকার হাবিব মণ্ডলের ছেলে হাসমত আলী (৪৫)। আহত ব্যক্তিদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পঞ্চগড়
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে সোহরাওয়ার্দী (২৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই চা শ্রমিক। আজ সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা বাগানে কাঁচা চা পাতা কাটার সময় এ ঘটনা ঘটে।
আটোয়ারী থানার ওসি মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
নাটোর
নাটোরের সিংড়ায় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেংগা পাকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
বগুড়া
বগুড়ার গাবতলী উপজেলায় বজ্রপাতে সুমন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ বজ্রপাতের ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ তুমুল বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশে মাঠে বেঁধে রাখা ছাগল আনতে যান কৃষক সুমন। মাঠে পৌঁছামাত্র বজ্রপাতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আই/এ