জাতীয়

বাস ভাড়া বাড়ানোর চেষ্টা করছে মালিক সমিতি

মীর মেহের আলী

ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে পরিবহন মালিকপক্ষ। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ধারাবাহিক বৈঠক করে ভাড়া পুনঃনির্ধারণ করা হবে। এমনটি জানিয়েছেন, বাংলাদেশে সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক ( সদর) এ এস এম আহাম্মেদ খোকন।

মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি বায়ান্ন টিভিকে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ভাড়া সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে ২২ পয়সা (জ্বালানি তেলের বাড়তি দামের জন্য ১৫ পয়সা ও অন্যান্য খরচ ৭ পয়সা) বাড়িয়ে ২টাকা ৪২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে মহানগর এলাকায় প্রতি কিলোমিটার ভাড়া ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাব গৃহীত হলে  আগের ২ টাকা ৪২ পয়সার সঙ্গে বাড়তি ২২ পয়সা যোগ হয়ে নতুন ভাড়া হবে দুই টাকা ৬৪ পয়সা। 

এর আগে গেল রোববার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কার্যালয়ে বাস ভাড়া পুনঃনির্ধারণ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। সেখানে দীর্ঘ আলোচনার পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাবের বিপরীতে তুলনামূলক কম হারে ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেছেন, জ্বালানির বাড়তি দামের অজুহাতে অতিরিক্ত ভাড়া বাড়ানোর চেষ্টা চলছে। তিনি মনে করেন,  অতীতে জ্বালানি তেলের দাম কমানোর সময় যে হারে ভাড়া কমানো হয়েছিল,  একই অনুপাতে ভাড়া বাড়ানো উচিত।

ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বেড়েছে। সেই হিসেবে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানো যেতে পারে। 

এদিকে আগামীকাল বুধবার সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছে সরকার। ফলে পরিবহন খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাস ভাড়া #জ্বালানি তেল