মানিকগঞ্জের শিবালয়ে প্রেমের অভিযোগ তুলে গ্রাম্য সালিসে এক নারীকে মারধরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নাজা আক্তার (২৫) এক সন্তানের জননী।
জানা গেছে, সালিসে তাকে বেধড়ক মারধর করা হয় এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরদিনই অপমান, আতঙ্ক ও লজ্জা সহ্য করতে না পেরে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার উত্তর কাশাদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিবালয় থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় মৃতের মরদেহ ময়নাতদন্ত শেষে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পহেলা বৈশাখের দিনে স্থানীয় জাকির নামের যুবকের সঙ্গে বেড়াতে যান নাজমা। পরে গত শুক্রবার রাতে নাজমার বাবার বাড়িতে ওই যুবককে নিয়ে গ্রাম্য সালিশে বসে গ্রামের লোকজন। কোনো সমাধানের আগেই নাজমা ও জাকির হোসেনকে বিচারকদের নির্দেশে জুতা দিয়ে পেটানো হয়।
এ সময় আরও কয়েকজন তাদের চড়, লাথি দিয়ে বেধড়ক পেটায়। মারধরের ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় একজন। ঘটনার পরের দিন পার্শ্ববর্তী চায়না তালা ফ্যাক্টরি থেকে কাজ করে বাড়ি ফেরার পথে নাজমাকে গ্রামের কয়েকজন বলে— আজকে আবারও তোকে বিচার বসিয়ে হাড়গোড় ভেঙে ফেলা হবে।
পরে বাড়ি ফিরেই নাজমা গোসল করে ভেজা কাপড়েই ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
ওই গ্রাম্য সালিসে বিচারের দায়িত্বে গ্রামের আজিজুজ, সফিউল ও নান্নু নামের তিনজন এ সিদ্ধান্ত দিয়েছিলেন বলে অভিযোগ করেন নিহতের বাবা।
মৃতের স্বজনরা বলেন, আমার মেয়ের আত্মহত্যার জন্য এলাকার মাতুব্বর ও এলাকার ছেলেরা দায়ী। তারা আমার মেয়েকে মারধর না করে বুঝিয়ে বললে এ রকম ঘটনা ঘটত না। বিচারে মেয়েটাকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। আবারও বিচার বসিয়ে মারধরের হুমকিও দিয়েছিল। জাকিরের সঙ্গে নাজমার কোনো অবৈধ সম্পর্ক তারা প্রমাণ করতে পারেনি।
শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জানিয়েছেন, নাজমা নামের এক নারীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তদন্তে জানা যায়, সালিসের নামে ওই নারীকে নির্যাতন করা হয়েছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে গিয়ে সালিসের দুই মাতুব্বরসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের বাবা ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসি//