সরকারি চাকরিতে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজারটি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে সরকারদলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময়ে সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য ছিল। এই শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির, অর্থাৎ প্রথম থেকে নবম গ্রেডে খালি রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি পদ। দ্বিতীয় শ্রেণির, অর্থাৎ দশম থেকে দ্বাদশ গ্রেডে শূন্যপদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। এ ছাড়া ত্রয়োদশ থেকে ষোড়শ গ্রেডে শূন্য পদ রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি, সপ্তদশ থেকে বিংশতম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অন্যান্য ৮ হাজার ১৩৬টি পদ শূন্য।
তিনি বলেন, শূন্য পদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হবে। ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা হ্রাস করে, এক বছরের মধ্যে একটি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। ৫০তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশের সময় পরীক্ষা গ্রহণের সুনির্দিষ্ট সময় প্রকাশ করা হয়েছে এবং সে অনুযায়ী ৫০তম বিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং লিখিত পরীক্ষা শুরু হয়েছে।
আই/এ