ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। বুধবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি দলে রয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এই সফরে যুক্তরাষ্ট্রের একটি বার্তা পৌঁছে দেওয়া এবং পরবর্তী দফার আলোচনা আয়োজনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। তার দপ্তর জানায়, শাহবাজ শরিফ সেখানে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
এমএ//