যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক আলোচনার দ্বিতীয় দফা আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউইয়র্ক পোস্টের এক সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা সেখানে (পাকিস্তানে) যেতে আরও আগ্রহী। সম্ভাবনাও বেশি, কারণ ফিল্ড মার্শাল আসিম মুনির দারুণ কাজ করছেন।”
এ সময় তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা করে তাকে ‘অসাধারণ’ বলেও উল্লেখ করেন।
এর আগে আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে জেনেভার নাম সামনে এলেও ট্রাম্প সেই সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন না বলে ইঙ্গিত দেন।
তিনি প্রশ্ন তোলেন, যে বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন দেশে কেন আলোচনা হবে।
নতুন দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা অংশ নেবেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় নেতৃত্ব দিলেও সেই বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
এদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া হবে না, তাই ২০ বছরের এই পরিকল্পনাও তিনি সমর্থন করেন না।
এসি//