বিনোদন

জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই

বিনোদন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও প্রখ্যাত চিত্রশিল্পী তরুণ ঘোষ মারা গেছেন। বুধবার (০৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৩ বছর।

তরুণ ঘোষের মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা এন রাশেদ চৌধুরী। জানা যায়, অ্যাজমা থেকে সৃষ্ট জটিলতায় হৃদরোগে আক্রান্ত হন তরুণ ঘোষ। গতকাল রাত পৌনে ১২টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কর্মজীবনে তরুণ ঘোষ চিত্রকলার পাশাপাশি চলচ্চিত্রের শিল্প নির্দেশনায়ও রেখে গেছেন অনন্য অবদান। আবু সাইয়ীদের ‘কিত্তনখোলা’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়া তারেক মাসুদের ‘মাটির ময়না’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নরসুন্দর’ এবং এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’সহ একাধিক চলচ্চিত্রে শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন তিনি।

 

এমএ//