আন্তর্জাতিক

আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে : হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালী খোলার জন্য দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে মার্কিন প্রেসিডেন্ট ইরানের প্রতি আরও ভয়াবহ হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, “আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না

মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের ট্রুথ সোশ্যালপ্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি  বলেন, “আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত তাই ঘটবে। তবে, এখন যেহেতু আমরা একটি সম্পূর্ণ ও সার্বিক শাসনব্যবস্থার পরিবর্তন দেখেছি, যেখানে ভিন্ন, বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী মানসিকতার মানুষেরা প্রাধান্য পাচ্ছে, হয়তো বৈপ্লবিকভাবে চমৎকার কিছু ঘটতে পারে।

তিনি আরও বলেন, কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। ইরানের মহান জনগণের মঙ্গল হোক!

এর আগে ইরানের রাষ্ট্র-সমর্থিত গণমাধ্যম রেভল্যুশনারি গার্ডের একটি বিবৃতির খবর প্রকাশ করেছে

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র বেসামরিক স্থাপনায় হামলা চালালে তারাও পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, “আমরা আমেরিকা ও তার সহযোগীদের অবকাঠামোর সাথে এমন আচরণ করব, যা তাদের এবং তাদের মিত্রদের এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বহু বছরের জন্য বঞ্চিত করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “মার্কিন নেতাদের এটা হিসাব করার ক্ষমতা নেই যে, আমাদের অবকাঠামোতে হামলা চালালে কোন কোন গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের যোদ্ধাদের নাগালের মধ্যে থাকবে।” “মার্কিন সামরিক বাহিনী যদি আমাদের রেড লাইন অতিক্রম করে, তবে আমাদের জবাব এই অঞ্চলের বাইরেও বিস্তৃত হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রাম্প