জাতীয়

আগের সরকারের গাফিলতিতে হামের টিকার সংকট : ডা.জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আগের সরকারের গাফিলতির কারণে হামের টিকার সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য বর্তমান সরকার গুরুত্ব দিয়ে চেষ্টা করছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সরকারের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, হাম সংক্রামক রোগ হওয়ায় সরকারি হাসপাতালে আইসোলেশনের (রোগীকে আলাদা রাখা) ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তেল সংকট নিয়ে তিনি বলেন, আতঙ্কে অতিরিক্ত কেনা নিয়ন্ত্রণে সরকার দ্রুতই একটি ডিজিটাল অ্যাপ চালু করতে যাচ্ছে। এই অ্যাপের মাধ্যমে জ্বালানি ক্রয়ের সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে ফলে কে কতটুকু জ্বালানি সংগ্রহ করছেন তা সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলোর তদন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠিত হওয়ার পরপরই শুরু হবে।

ডা.জাহেদ বলেন, বর্তমান সরকারের ভেতরেও কোনো অনিয়ম হচ্ছে কি না তা খতিয়ে দেখা। এই সরকার দুর্নীতির লাগাম টানতে বদ্ধপরিকর, তাই এ সরকারের সময়েও কোনো দুর্নীতির অভিযোগ উঠলে তার খোঁজখবর অবশ্যই নেওয়া হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ডা.জাহেদ