দেশজুড়ে

হাম-রুবেলা প্রতিরোধে পাবনায় টিকাদান কর্মসূচি শুরু

পাবনা প্রতিনিধি

পাবনা জেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই বিশেষ কর্মসূচি আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে ।

রোববার (৫ এপ্রিল) সকালে পাবনা সদরের চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, পাবনা সদর উপজেলায় মোট ৫৫ হাজার ৬৫৭ শিশুকে টিকা প্রদান করা হবে। এর মধ্যে পৌরসভা এলাকায় ২৬ হাজার ৫৫৮ জন শিশু অন্তর্ভুক্ত। এছাড়া আটঘরিয়া, ঈশ্বরদী ও বেড়া উপজেলাসহ জেলায় মোট ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যসমূহ গত তিন মাসে হামে আক্রান্ত হয়ে জেলায় ২ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে জেলা সদর হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বর্তমানে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাম ওয়ার্ডে ২৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশ শিশু হলেও জেলা সদরে ২২ বছর এবং ৩৬ বছর বয়সী দুইজন প্রাপ্তবয়স্ক রোগীও শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী সব শিশুকে টিকার আওতায় আনতে মাঠ পর্যায়ে কর্মীরা কাজ করছেন। শিশুদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিকটস্থ কেন্দ্রগুলোতে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা