আন্তর্জাতিক

উদ্ধারের পর নিরাপদে ইরানের বাইরে নিখোঁজ মার্কিন বিমানসেনা

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ মার্কিন ক্রুকে উদ্ধার করা হয়েছে। তিনি এখন নিরাপদে ইরানের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

রোববার (০৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত হওয়ার পর ওই বিমানসেনা প্রায় দুই দিন ধরে ইরানি কর্তৃপক্ষের চোখ এড়িয়ে অবস্থান করছিলেন। পরে ঝুঁকিপূর্ণ এক অভিযানের মাধ্যমে তাকে উদ্ধার করে মার্কিন বাহিনী।

উদ্ধার অভিযানে কোন বাহিনী অংশ নিয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, বিশেষ অভিযান ইউনিট এতে যুক্ত ছিল। অভিযানটি রাতের অন্ধকারে শুরু হয়ে তীব্র গোলাগুলির মধ্য দিয়ে শেষ হয়।

জানা গেছে, ইরানি সেনারা ওই বিমানসেনার অবস্থান সম্পর্কে ধারণা পেয়েছিল, ফলে পরিস্থিতি ছিল অত্যন্ত স্পর্শকাতর ও বিপজ্জনক। অভিযানে অংশ নেওয়া সদস্যদেরও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে হয়।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত বিমানসেনা এখন নিরাপদে ইরানের বাইরে অবস্থান করছেন এবং তিনি আর কোনো তাৎক্ষণিক ঝুঁকিতে নেই।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র