গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সরকারি হিসেবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারিত থাকলেও বাস্তবে বিভিন্ন এলাকায় তা ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একটি চক্র পরিকল্পিতভাবে সরবরাহ কমিয়ে বাজারে সংকট সৃষ্টি করছে।
ব্যবসায়ীরা জানান, মাসের শুরুতে নতুন দর ঘোষণার আগেই কিছু ডিলার গ্যাস সরবরাহ বন্ধ রাখেন। ফলে বাজারে হঠাৎ ঘাটতি তৈরি হয়। এ সুযোগে খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি চলছে। অনেক দোকানি জানান, তারা ডিলারদের কাছ থেকেই বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন।
ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। এতে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে, কয়েকজন ডিলার গুদামে গ্যাস না থাকার কথা বললেও সরেজমিনে কোথাও কোথাও সিলিন্ডার মজুদের প্রমাণ পাওয়া গেছে, যা অভিযোগকে আরও জোরালো করেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফকরুল হোসাইন জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, বাজারে দ্রুত তদারকি বাড়িয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
প্রসঙ্গত, বুধবার (০১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, এপ্রিল মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
ওইদিন বিকেল ৩টায় রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দর ঘোষণা করা হবে।
এমএ//