জ্বালানি তেলের সংকট ঘিরে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে ভোগান্তি বাড়ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই জ্বালানি পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে প্রতিদিন ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন পাম্প মালিকরা।
মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চান তারা। জ্বালানি সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়।
মালিকদের দাবি, ডিপো থেকে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ পাওয়া যাচ্ছে না। ফলে স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে।
সভায় তারা আরও জানান, অনেক ক্ষেত্রে ট্যাংকার পুরোপুরি ভর্তি না করে আংশিক জ্বালানি দিয়ে পাঠানো হচ্ছে। এতে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে এবং ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছেন পাম্প মালিকরা। এ সমস্যা সমাধানে পূর্ণ লোড নিশ্চিত করার ওপর জোর দেন তারা।
একই সঙ্গে একই এলাকায় একাধিক পাম্পে সমন্বিতভাবে সরবরাহ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
তবে কিছু অনিয়মের অভিযোগের বিষয়ে মালিকরা বলেন, বিচ্ছিন্নভাবে অননুমোদিত বিক্রি বা মজুতের ঘটনা ঘটলেও তা পুরো খাতের চিত্র নয়।
এমএ//