জাতীয়

পুলিশসহ সকল হত্যার বিচার হবে: আইজিপি

ছবি: সংগৃহীত

৫ আগস্টের আগে ও পরে পুলিশ সদস্যদের হত্যাসহ সকল প্রাণহানির ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

৫ আগস্টের ঘটনার প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, ওই সময় পুলিশসহ অনেক মানুষের মৃত্যু হয়েছে। প্রতিটি ঘটনার তদন্ত হবে এবং আইনের বিধান অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইতিহাসে সেরা একটি নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সমাজে শৃঙ্খলা বজায় রাখতে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণের ওপর জোর দেন আইজিপি। তিনি বলেন, অহেতুক সড়কে নেমে আন্দোলন বা অবরোধ সৃষ্টি করা ঠিক নয়, এতে সামগ্রিকভাবে ক্ষতি হয়।

তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি, একই সঙ্গে অর্থপাচারের কারণে ব্যাংক খাত চাপে রয়েছে। এ পরিস্থিতিতে কিছু তরুণ অপরাধে জড়িয়ে পড়ছে। মাদকবিরোধী অবস্থানে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি।

জ্বালানি তেলের কালোবাজারি নিয়ে তিনি বলেন, অল্প পরিসরে তেল কিনে বেশি দামে বিক্রি করে বড় ধরনের লাভ সম্ভব নয়। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া ঢাকাসহ বিভাগীয় শহরগুলোকে স্মার্ট ও নিরাপদ নগরীতে রূপান্তরের উদ্যোগের কথাও উল্লেখ করেন আইজিপি।

অন্যদিকে, জামিন পাওয়ার পরও রাজনৈতিক নেতাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে প্রশ্ন করা হলে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পুলিশ #আইজিপি