আবহাওয়া

রাতের মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস

ছবি: ফাইল ছবি

রাতের মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সই করা রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া বার্তায় জানানো হয়, আজ রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, খুলনা এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে দেওয়া আবহাওয়া বার্তায় জানানো হয়, ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝড় #ঝড়ের আভাস