জাতীয়

ঈদ পর ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া না নেয়ার নির্দেশ

বায়ান্ন প্রতিবেদন

ঈদুল ফিতরের ছুটির পর ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে থাকায় সড়কপথে নিরাপদ ও স্বচ্ছন্দ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। পাশাপাশি অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে চলা এবং বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের কাছ থেকে কোনো অর্থ না নেয়ার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঈদের পরবর্তী সময়ে সড়কপথে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে পরিবহন খাতের সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে চালকদের অতিরিক্ত গতি না নেয়া, নিয়ম মেনে গাড়ি চালানো এবং ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করার নির্দেশ দেয়া হয়েছে, যাতে দুর্ঘটনা এড়ানো যায়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যাত্রাপথে বয়স্ক, নারী ও শিশুদের প্রতি বিশেষ যত্নবান হওয়া জরুরি। তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চালক ও সহকারীদের দায়িত্বশীল আচরণের উপর গুরুত্ব দেয়া হয়েছে।

এছাড়া, বিআরটিএ নির্ধারিত ভাড়া সংক্রান্ত কোনো অনিয়ম রোধ করতে পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে।

সংগঠনটি বলেছে, ঈদের পর ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে পরিবহন খাতের সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যা যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদুল ফিতর #ছুটি #ভাড়া