আন্তর্জাতিক

বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। দেশটি নিজেদের তেলের ৯৮ শতাংশ উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে এবং ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিপাইনে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জ্বালানি সরবরাহের "লভ্যতা ও স্থিতিশীলতার ওপর সৃষ্ট আসন্ন বিপদের" কথা উল্লেখ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ বার্তা সংস্থা বিবিসি।

এই আদেশের অধীনে, জ্বালানি, খাদ্য, ওষুধপত্র এবং অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের সুশৃঙ্খল বিতরণ তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সরবরাহ জোরদার করার জন্য সরকারকে সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য ক্রয় করার ক্ষমতাও দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি কর্তৃক এর মেয়াদ বৃদ্ধি বা প্রত্যাহার না করা হলে, এই ঘোষণাটি এক বছরের জন্য কার্যকর থাকবে।

এদিকে জরুরি অবস্থা জারির দিনেই পেট্রোল ও ডিজেলের দাম আবারও বেড়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে জ্বালানি সাশ্রয়ের জন্য সরকার পরিবহন চালকদের ভর্তুকি দিয়েছে, ফেরি পরিষেবা কমিয়েছে এবং সরকারি কর্মচারীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু করেছে।

এর আগে জ্বালানি সচিব শ্যারন গারিন জানিয়েছেন, দেশে প্রায় ৪৫ দিনের জ্বালানি মজুদ রয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিক্রিয়ায় দেশটি তার জ্বালানির চাহিদা মেটাতে "অস্থায়ীভাবে" কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রে দিয়ে ঘাটতি মেটানোর চেষ্টা করবে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিপাইন