জাতীয়

সামনে কঠিন সময় আসছে, দ্রব্যমূল্য আরও বাড়বে: মির্জা ফখরুল

ছবি: ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে দেশের সামনে কঠিন সময় আসছে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধটা বিশাল ক্ষতি করছে। সামনে তেলের দাম ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাবে।

সোমবার (২৩ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সরবরাহ কিছুটা কম হতে পারে, কিন্তু সেই অজুহাতে পাম্প ভাঙচুর করা বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমীচীন নয়। আমরা 'মব' বা উশৃঙ্খল জনতাকে কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কাউকে কোনো কাজ করতে দেওয়া হবে না।

কৃষকদের দুর্দশা লাঘবে সরকারের পদক্ষেপ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ঝড়-বৃষ্টিতে গম ও আলুর যে ক্ষতি হয়েছে তা আমরা বুঝি। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কৃষি ঋণ মওকুফ করে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছেন।

এছাড়া সারা দেশে নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ এবং সেচ সুবিধা বাড়াতে ২০ হাজার খাল খননের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মানুষ এখন এসব বিষয় ভালোভাবে বোঝে। সৎ পথে চলা এবং বাস্তব কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, খাল ও নদী পুনঃখনন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মির্জা ফখরুল ইসলাম আলমগীর #দ্রব্যমূল্য #মধ্যপ্রাচ্য #ইরান যুদ্ধ