ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার এবং এক নারীর সঙ্গে যুবকের টিকটক ভিডিও তৈরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ৪০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান , ছোট হামিরদী গ্রামের সাজ্জাদ হোসেন লিটন মাতুব্বরের সঙ্গে গোপীনাথপুর গ্রাপের কুদ্দুস মুন্সী, হাসান মুন্সীদের আধিপত্য বিস্তার নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছে। গত ১৯ মার্চ রাতে চা খাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে টর্চলাইট জ্বালিয়ে উভয় পক্ষ মারামারি করেছে।
আজ ঈদের নামাজের পর সাজ্জাদ পক্ষের এক নারীর সঙ্গে কুদ্দুস মুন্সীর পক্ষের এক যুবকের টিকটক ভিডিও বানানো নিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সুযোগে ১২টি গরু লুটপাট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ওবায়দুর রহমান নামের একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সঙ্গে নিয়ে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গ্রামের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনও পক্ষ থানায় অভিযোগ দেয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আই/এ