কাতারের প্রধান গ্যাস স্থাপনা রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানি হামলার ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তারা টেলিফোনে কথা বলে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, কাতার জানিয়েছে, তারা এই হামলাকে “বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি” হিসেবে দেখছেন, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহও এতে ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বিশেষভাবে উল্লেখ করেন, বেসামরিক অবকাঠামো—বিশেষ করে জ্বালানি ও পানি সম্পর্কিত স্থাপনায় হামলা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। তিনি বেসামরিক জনগণের সুরক্ষা এবং তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, কাতারের আমির বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকলে তা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে। তিনি দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এমএ//