বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।
এর আগে বুধবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস বগুড়ার সান্তাহার বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এনে সারারাত কাজ চালিয়ে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং রেললাইন মেরামত করা হয়েছে।
তিনি বলেন, আপাতত ট্রেন চলাচল শুরু হলেও ওই এলাকায় ট্রেনগুলো ধীরগতিতে চলবে এবং মেরামতের কাজ চলমান থাকবে। ঈদের আগ মুহূর্তে এমন দুর্ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এমএ//