পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) দেশে ঈদ উদযাপিত হতে পারে।
বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হবে—সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।
প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে থাকবেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম জামাতে ইমামতি করবেন মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
এছাড়া জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প হিসেবে প্রস্তুত থাকবেন ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
সব জামাতের জন্য বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদের জামাতে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হয়। তাই সুশৃঙ্খলভাবে নামাজ আদায় নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এমএ//